আমন্ত্রণ প্রতিবেদক
চলতি জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারকারীদের জন্য এলো স্বস্তির খবর। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের এলপিজির দাম কেজিতে ৩ টাকা ৩০ পয়সা কমানো হয়েছে।
এই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৩৬৪ টাকা, যা গত মাসে ছিল ১,৪০৩ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ৩৯ টাকা কমল ১২ কেজি সিলিন্ডারের দাম।
বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এ নতুন দর ঘোষণা করেন। আজ ২ জুলাই সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।
বিইআরসির হিসাবে, জুলাইয়ে প্রতি কেজি এলপিজির দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৬৪ পয়সা, যা গত মাসে ছিল ১১৬ টাকা ৯৪ পয়সা। এর ভিত্তিতে অন্যান্য আকারের সিলিন্ডারের দামও নির্ধারিত হবে।
তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ৮২৫ টাকায় অপরিবর্তিত রয়েছে। একইভাবে অটোগ্যাস (গাড়িতে ব্যবহৃত এলপিজি) দামও অপরিবর্তিত—প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা।
২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসেই সৌদি আরবের ‘কার্গো প্রাইস (সিপি)’ ভিত্তিক মূল্যে এলপিজির দর নির্ধারণ করে আসছে বিইআরসি। সৌদি প্রতিষ্ঠান আরামকো প্রোপেন ও বিউটেন—এলপিজির মূল উপাদানগুলোর মূল্য নির্ধারণ করে। এ তথ্যের ভিত্তিতে আমদানিকারক কোম্পানির ইনভয়েস ও ডলারের গড় মূল্য হিসাব করে বাংলাদেশের মাসিক দর ঠিক করে সংস্থাটি।
তবে অভিযোগ আছে, বাজারে অনেক সময় এই নির্ধারিত মূল্যে এলপিজি পাওয়া যায় না। বিশেষ করে গৃহস্থালি কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারেই দেখা যায় মূল্যবৈষম্য।
আমন্ত্রণ/পিজিএস


































