গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত একুয়া থিম পার্কে অভিযান চালিয়ে ২৩ তরুণ-তরুণীকে আটক করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পার্কটির প্রধান ফটক সিলগালা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের আকস্মিক পরিদর্শনের পর তাঁর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মন্ত্রী আকস্মিকভাবে একুয়া থিম পার্ক পরিদর্শন করেন। এ সময় পার্কের ভেতরে ১২ জন তরুণ ও ১১ জন তরুণীকে দেখতে পান তিনি। পার্কের পরিবেশ ও সেখানে চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
এরপর বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পার্কের ভেতর থেকে ২৩ জনকে আটক করে তাঁদের অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে তাঁদের পার্কে আসার উদ্দেশ্য ও সার্বিক বিষয় যাচাই-বাছাই শুরু করে প্রশাসন।
ইউএনও তানজিনা খাতুন জানান, মন্ত্রীর নির্দেশনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক তরুণ-তরুণীদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক উভয়ই রয়েছে। তাঁদের অভিভাবকদের ডাকা হয়েছে। যাচাই-বাছাই শেষে উপযুক্ত ক্ষেত্রে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। তবে কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে আরও জানা গেছে, এর আগেও পার্কটির ভেতরে অনিয়মের অভিযোগে আবাসিকভাবে ব্যবহৃত আটটি কক্ষ সিলগালা করে পার্ক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পুনরায় একই ধরনের কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে এবার পার্কটির প্রধান ফটক সিলগালা করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
আমন্ত্রণ/এজি
বিরামপুরে থিম পার্কে প্রশাসনের অভিযান, আটক ২৩ তরুণ-তরুণী
নভেম্বর ৫, ২০২৬
































