অনলাইন ডেস্ক
মার্কিন রাজনীতিতে উত্তেজনার এক দিনে এক ভোটের ব্যবধানে সিনেট পেরিয়ে গেল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ‘বিগ, বিউটিফুল বিল’।
মঙ্গলবার সিনেটে ৫১-৫০ ভোটে বিলটি পাস হয়। সমানসংখ্যক পক্ষে-বিপক্ষে ভোট পড়ায় ‘টাই’ ভাঙেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার একক ভোটেই শেষ পর্যন্ত পাস হয় বিলটি।
বিলে রয়েছে কর কমানো, সামাজিক নিরাপত্তা ব্যয় কমানো, সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা এবং অভিবাসন নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব। তবে এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও বেড়ে যাবে ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার।
বিলের বিপক্ষে ভোট দেন ডেমোক্র্যাটদের সব ৪৭ জন সদস্য, সঙ্গে যুক্ত হন তিন রিপাবলিকান: টম টিলিস (নর্থ ক্যারোলাইনা), সুসান কলিন্স (মেইন) এবং র্যান্ড পল (কেন্টাকি)।
এখন বিলটি যাবে প্রতিনিধি পরিষদে। তবে সেখানে এর কিছু ধারা নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছেন কয়েকজন রিপাবলিকান সদস্য। তবুও ৪ জুলাই—যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই বিলটি আইনে পরিণত করতে চান ট্রাম্প। স্পিকার মাইক জনসনও সে লক্ষ্যেই কাজ করছেন।
বিলটি মূলত ট্রাম্পের ২০১৭ সালের কর ছাড়নীতিরই একটি বিস্তৃত সংস্করণ। এবার নতুনভাবে যুক্ত হয়েছে বকশিশ, ওভারটাইম ইনকামসহ বিভিন্ন খাতে কর ছাড়। একই সঙ্গে সেনাবাহিনী ও সীমান্ত নিরাপত্তায় খরচ আরও বাড়ানো হচ্ছে।
তবে বিলটি নিয়ে বিতর্কও কম নয়। এতে কম আয়ের মানুষের জন্য চালু থাকা মেডিকেইড এবং খাদ্যসহায়তা কর্মসূচি থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কমানো হবে। বাতিল হবে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সবুজ জ্বালানি উন্নয়নের বেশ কিছু সুবিধাও।
তথ্যসূত্র: বিবিসি
আমন্ত্রণ/পিজিএস
সিনেটে এক ভোটের ব্যবধানে পাস ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল’ বিল
জুলাই ২, ২০২৫
































