বগুড়া ব্যুরো :
বগুড়ায় শারদীয় দুর্গাপূজায় মহাঅষ্টমীতে চতুর্থ বারের মত কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রমে পূজায় হিন্দু ধর্মপ্রাণ নারী-পুরুষের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বী মানুষও কুমারী পূজা দেখতে ভিড় জমায়।
বগুড়ায় কুমারী পূজার জন্য মাতৃভাবের পবিত্রতার প্রতীক হিসেবে এবছর কুমারী মায়ের আসনে বসানো হয় ৭ বছর বয়সী তেজস্বী বর্মন পংক্তিকে।পংক্তি শেরপুর উপজেলার ডাক্তার দম্পতি তন্ময় বর্মন ও প্রিয়াঙ্কা সাহার কন্যাকে দেবী রূপে পুজিত করা হলো।
বেলা ১১টায় পুরোহিত পূজা অর্চনা শুরু করেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে পুরোহিত উপস্থিত পূজার্থীদের উদ্দেশ্যে বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। মুলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তব কুমারী পূজা। সাধারণত ১ বছর থেকে ১৬ বছর বয়সী অজাতপুস্প সুলক্ষনা ব্রাক্ষ্ম বা অন্য গোত্রের অবিবাহিত কুমারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়।
কুমারী পূজার দর্শনার্থী শ্রেয়া ঘোষ, পায়েল ঘোষ, টুম্পা পাল, রাধা সাহাসহ আরও জানান, বগুড়া কয়েক বছর ধরে কুমারী পুজা হচ্ছে। যা সত্যি আনন্দের। গতবছরের ন্যায় এবারও আসছি। দেবীর কাছে প্রার্থনা আমাদের মনের সকল আশা যেন তিনি পূরণ করে দেন।
কুমারীর আসনে বসা তেজস্বী বর্মনের বাবা ডাঃ তন্ময় কুমার বর্মন বলেন, আমার মেয়ে এবার কুমারীর আসনে বসেছে। আমরা আনন্দিত। ভগবানের কাছে প্রার্থনা তিনি যেন পৃথিবীর সকল কন্যাকে নিরাপদ ও সুন্দর রাখেন। আমাদের দেশের জন্য যেন কল্যাণ দান করেন।
উল্লেখ্য, এবছর বগুড়া জেলায় ১২টি উপজেলায় ৬৮৬ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি


































