আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।
সরেজমিনে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় ও ফুলবাড়ী দারুস৪৪ সুন্নাহ সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়।
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কালাম আজাদ জানান, চলতি এসএসসি পরীক্ষায় ১ হাজার ১৯৯ জন, দাখিলে ৩৪০ জন, এসএসসি ভোকেশনালে ২২১ জন এবং দাখিল ভোকেশনালে ১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। এর মধ্যে এসএসসিতে ১ হাজার ১৯১ জন, দাখিলে ৩২৫ জন, এসএসসি ভোকেশনালে ২১৮ জন এবং দাখিল ভোকেশনালে ১৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
কেন্দ্রভিত্তিক উপস্থিতি বিশ্লেষণে দেখা যায়, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন। ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৭ জনের মধ্যে ৩ জন, এসএসসি ভোকেশনাল কেন্দ্রে ২২১ জনের মধ্যে ৩ জন, দাখিল ভোকেশনালে ১৭ জনের মধ্যে ১ জন, দাদুল চোকিয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০২ জনের মধ্যে ৩ জন এবং ফুলবাড়ী দারুস সুন্নাহ সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৩৪০ জনের মধ্যে ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি

































