বগুড়া ব্যুরো :
বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে আবারো বসতে যাচ্ছে জাতীয় পর্যায়ের আসর। আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বগুড়ার এই নয়নাভিরাম মাঠে এবার জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) টি টুয়েন্টি ফরমেটের বল গড়াবে। এনসিএল টি ২০ বগুড়ায় হচ্ছে বলে চলছে নানা আয়োজন। পুরো স্টেডিয়াম ধুয়ে মুছে রং করে রঙিন করা হয়েছে। পরিস্কার করা হয়েছে গ্যালারী, প্রেসবক্সসহ অন্যান্য স্থাপনা। মাঠে অনুশীলনও করেছে দলগুলো।
রোববার দুপুরের ম্যাচে মুখোমুখি হবে সিলেট বনাম রংপুর বিভাগীয় দল। এনসিএলের দ্বিতীয় আসরের উদ্বোধন ঘিরে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল অঙ্কন, বরিশালের সালমান হোসাইন ইমন, সিলেটের জাকির হাসান ও রংপুর বিভাগের আকবর আলী। ৮ দলের খেলা হলেও ৪ দলের অধিনায়ক ছিলেন উপস্থিত। আগামীকাল বগুড়ায় উদ্বোধনী ম্যাচে সিলেট মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর দলের। আর রাজশাহীর মাঠে খেলবে স্বাগতিক রাজশাহী ও ঢাকা মহানগর দল। এসিএলে খেলবে ৮টি দল-ঢাকা বিভাগ, ঢাকা মেট্রো, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগ। ফাইনাল হবে ৩ অক্টোবর সিলেটে।
বগুড়ার ৬টি ম্যাচের প্রথমে ১৪ সেপ্টেম্বর দুপুরে দেড়টায় মুখোমুখি হবে সিলেট বনাম রংপুর বিভাগ। ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মাঠে নামবে ঢাকা ও বরিশাল বিভাগ। এছাড়া ১৬ সেপ্টেম্বর দুপুরে ঢাকা ও রংপুর, ১৭ সেপ্টেম্বর সকালে সিলেট ও বরিশাল, ১৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকা ও সিলেট এবং ১৯ সেপ্টেম্বর সকালে রংপুর ও বরিশাল দল মুখোমুখি হবে।
বগুড়ায় দীর্ঘ দুই দশক পর মাঠে বল গড়ানোয় জেলায় বইছে ক্রিকেট প্রেমিদের একটি উৎসব। সেই সঙ্গে টিকিট বিক্রি শুরু হয়েছে। ৫০ টাকায় গ্যালারী ও ১০০ টাকায় মিলছে ভিআইপি গ্যালারী। অনেকেই টিকিট কিনছেন শনিবার সকাল থেকে।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, শনিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ধারণক্ষমতা অনুযায়ি টিকিট বিক্রি চলমান থাকবে। বগুড়ায় ম্যাচ আয়োজনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিসিবি থেকে অনেক কর্মকর্তাও এসেছেন। সবায় মিলিয়ে জমজমাট ক্রিকেট ম্যাচ উপহার দেবো।
উল্লেখ্য, বগুড়ার এই মাঠে ২০০৬ সালে শেষবারের মত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন লীগ চলেছে। এবারই প্রথমবারের মত বগুড়ায় এনসিএল-টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আমন্ত্রণ/এসিজি


































