জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ভালো ছাত্র/ছাত্রী হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলেই ভালো ছাত্র/ছাত্রী হওয়া সম্ভব। একজন ছাত্র/ছাত্রী প্রতিটি ক্লাসে মন দিয়ে ক্লাস করলে ও শিক্ষকের আদর্শের পাশাপাশি বাবা-মায়ের কথা মতো লেখাপড়া করলে কোন কোচিং সেন্টার নির্ভর ও গাইড বই না পড়েই সে ভালো ফলাফল করতে পারে। ভালো ছাত্র/ছাত্রীরাই দেশকে এগিয়ে নিতে পারবে। শিক্ষাদানের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষককেও আন্তরিক হতে হবে এবং গাইড বই ও কোচিং সেন্টার নির্ভর শিক্ষা গ্র্রহণে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে হবে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় সুন্দর ভবন ও আধুনিকতার ছোয়া লাগলেও ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে শিক্ষার অভাব রয়েছে। আর আগে আমাদের সময় শিক্ষাব্যবস্থায় সুন্দর একাডেমিক ভবন বা উন্নত শিক্ষাব্যবস্থা না থাকলেও সেখানে নৈতিকতা মূল্যবোধ, মানবিকতা, দেশপ্রেম অর্থাৎ ভালো মানুষ হওয়ার শিক্ষা ছিল। আমাদের ভালো মানুষ হতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য।
দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ হারুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।
শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান এবং অলিম্পিক পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ হারুন।
এছাড়াও বেলুন-ফেস্টুন, ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এজি
গাইড বই ও কোচিং সেন্টার নির্ভর শিক্ষা গ্র্রহণে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে হবে –জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম
এপ্রিল ২, ২০২৬
































