বগুড়া ব্যুরো :
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে দুই দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ শাখা ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।
অভিযানে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি মশার বংশবৃদ্ধি রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই জনসচেতনতা বাড়াতে হবে। এ লক্ষ্যে দুই দিনের কর্মসূচিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
হাবিবুর রশিদ সন্ধান আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতনতাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
সেপ্টেম্বর ১৫, ২০২৬






























