কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এইচএসসি’র ২৩তম ব্যাচের মেধাবী ৮জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদ।
সহকারী শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো.ওবায়দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রেণি শিক্ষক মো. আতিকুর রহমান এবং দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন। একইভাবে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. মহিউজ্জামান তাসিন, মো. খাদেমুল ইসলাম, মো. সামিউল বাসির প্রমুখ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীরা হলেন,
মো. নাসিম (রুয়েট), মো. রিফাত হোসেন (রুয়েট), মো. মহিউজ্জামান তাসিন (পিএসটিইউ), মো. সামিউল বাসির (এমআইএসটি), মো. আমিনুল ইসলাম (এইচএসটিইউ), মো. খাদিমুল হক (ঢাকা বিশ্ববিদ্যালয়), নাজিফাতুল সুবহা আরণী (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ও সাইয়্যেদা আক্তার সাবা (রংপুর মেডিকেল কলেজ)।
চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদ বলেন, তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হবে এবং একদিন দেশ ও জাতির কর্ণধার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে। একইসাথে দেশ ও জাতির কল্যাণে নিজেদের অত্মনিয়োগ করেবে।
এ সময় চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
এপ্রিল ২, ২০২৬


































