বগুড়া ব্যুরো :
বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বগুড়া শহরের প্রধান প্রধান সড়কে হাজারো নারী কর্মীর মিছিলের মাধ্যমে রাজপথে বড় ধরনের শোডাউন করেছে দলটি।
সকাল থেকে বগুড়া সদরের বিভিন্ন এলাকা থেকে নারী কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাটিডালি মোড়ে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাটিডালি এলাকা লোকে লোকারন্য হয়ে যায়। পরে সেখান থেকে জামায়াত মনোনীত প্রার্থী ও শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে এক নির্বাচনী মিছিল বের করা হয়।
মিছিলটি মাটিডালি বিমান মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট দত্তবাড়ি এলাকা অতিক্রম করে। এরপর মিছিলটি নামাজগড় হয়ে উপশহর এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নারীদের হাতে ছিল ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের ফেস্টুন ও ব্যানার। রাজপথে মিছিল চলাকালীন নারীরা প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ার পাশাপাশি সারাদেশে রাজনৈতিক কর্মসূচিতে নারী নির্যাতনের প্রতিবাদ জানান।
বগুড়া সদরের ভোটের মাঠে জামায়াতের নারী কর্মীদের এই ব্যাপক উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি নেতা-কর্মীদের হাতে দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীরা হেনস্তার শিকার হওয়ার প্রতিবাদে এবং নির্বাচনী প্রচারণাকে গতিশীল করতে তারা এখন ঘর ছেড়ে রাজপথে নেমেছেন।
মিছিল শেষে সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়ার মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মায়েরা আজ ঘর ছেড়ে রাজপথে এসেছেন। এই গণজোয়ার প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। কোনো বাধা বা নির্যাতন চালিয়ে এই জোয়ার থামানো যাবে না।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় জামায়াতের নারী মিছিল
ফেব্রুয়ারি ৪, ২০২৬
































