বগুড়া ব্যুরো :
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় গ্রেফতার বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বগুড়ায় আনা হয়েছে। বগুড়ার সদর থানা পুলিশের একটি দল তাকে নেত্রকোনা থেকে বগুড়ায় আনেন।
এরপর দুপুর সোয়া ১টার দিকে রাগেবুল আহসান রিপুকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হয়। পরে আদালতের বিচারক মেহেদী হাসান তাকে জেলা কারাগারে প্রেরণের নিদের্শ দেন।
বগুড়ার আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে। পরে তাকে কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) রাতে র্যাব ১৪ এর একটি দল নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করে নেত্রকোনা সদর মডেল থানায় সোপর্দ করেন।
উল্লেখ, ২০২৩ সালের ১ ফেব্রæয়ারি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রাগেবুল আহসান রিপু। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ওই আসন ছেড়ে দেওয়া হলে রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
গণঅভ্যুত্থানের আগের দিন গত ৪ আগস্ট বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক এই এমপি রাগেবুল আহসান রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওইদিন থেকে সপরিবারে গা ঢাকা দেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার সফল গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার সাবেক এমপি রিপু কারাগারে
ডিসেম্বর ২০, ২০২৪


































