চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা :
দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিনের ব্যবধানে পেঁয়াজ ও আলুর দামে বেড়েছে কেজিতে ১০ টাকা। আকস্মিকভাবে পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবরের লোকজন। সরেজমিনে ফুলবাড়ী পৌর সবজি বাজারে গিয়ে দেখা যায়, খুচরা বাজারে গত দুইদিন আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রকার ভেদে প্রতিকেজি পেঁয়াজ ৩৫ থেকে ৩৭ টাকা কেজি দরে বিক্রি বিক্রি হয়েছে। অথচ গতকাল শনিবার (৬ এপ্রিল) একই পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিতে ৯ থেকে ১০ টাকা বেড়ে ৪৪ থেকে ৪৭ টাকা কেজি দরে। হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য স্থানীয় খুচরা সবজি ব্যবসায়ীরা স্থানীয় পাইকারী ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ি করছেন।
একইভাবে একই সময়ে প্রকারভেদে কেজিতে আলুর দাম বেড়েছে ৫ থেকে ১২ টাকা। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রতিকেজি কার্ডনাল আলু ২৬ থেকে ২৭ টাকা দরে বিক্রি হলেও শনিবার (৬ এপ্রিল) কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৩৭ টাকা দরে। একইভাবে টিপিএস জাতের আলু ৩০ টাকা থেকে কেজিতে ১২ টাকা বেড়ে ৪২ টাকায়, লাল পাটনাই ৩৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকায়, সাদা পাটনাই ৩৮ থেকে বেড়ে ৪২ টাকায় এবং বিলাতি জাতের ৪০ টাকা থেকে কেজিতে ১২ টাকা বেড়ে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজি বাজারে বাজার করতে আসা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারি আকবর আলী বলেন, দুইদিন আগেও পেঁয়াজ ও আলুর দাম একটু কম ছিল, অথচ আজ শনিবার (৬ এপ্রিল) দাম প্রতিকেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। এভাবে নিত্যপণ্যের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে চরম বিপাকে পড়তে হচ্ছে।
সংসারের খরচের হিসেব মেলানো দায় হয়ে পড়ছে। হোটেল ব্যবসায়ী দুলাল সাহা বলেন, পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাওয়ায় প্রয়োজন মাফিক পেঁয়াজ কিনতে না পেরে হোটেলের তরিতরকারিতে চাহিদানুয়ায়ী পেঁয়াজ দেওয়া যাচ্ছে না। কম কম করে দিয়ে কাজ চালিয়ে নিতে হচ্ছে। খুচরা সবজি ব্যবসায়ী হারম্নন উর রশীদ বলেন, স্থানীয় পাইকারদের ঘরে পর্যাপ্ত পেঁয়াজ ও আলু মজুদ থাকার পরও খুচরা ব্যবসায়ীদের মাঝে বিক্রি না করে তারা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে বিক্রি করায় পেঁয়াজ ও আলু দাম বেড়েছে। পাইকারী ব্যবসায়ী আনন্দ কুমার বলেন, সিন্ডিকেটের মাধ্যমে নয়, মোকাম থেকেই পেঁয়াজ ও আলুর সরবরাহ কম থাকাসহ দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। এখানে কোনো প্রকার সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। কেউ সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে অধিক মুনাফার চেষ্টা করলে তার বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়ীতে দুইদিনের ব্যবধানে পেঁয়াজ ও আলুর দামে বেড়েছে কেজিতে ১০-১২ টাকা
এপ্রিল ১০, ২০২৪
































