মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তার চেক ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার এতিমখানাগুলোর অনুকূলে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক প্রদান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং নবনির্মিত হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়কের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা হলরুম কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী ও চেক বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। এর আগে সকালে তিনি উপজেলা সভাকক্ষে আয়োজিত মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশ নেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ মঞ্জুরির চেক ও শুকনা খাবার দেওয়া হয়। একই সঙ্গে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্মিত মোট ১ হাজার ৪৬০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট এইচবিবি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত ক্যাপিটেশন গ্র্যান্ট কর্মসূচির আওতায় এদিন উপজেলার ২৭টি বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ৬১ লাখ ৬৮ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এছাড়া, মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এসিস্টিভ ডিভাইস হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় হুইলচেয়ার পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেন, “আমাদের সরকার টেকসই উন্নয়নের পাশাপাশি একটি মানবিক রাষ্ট্র গঠনে নিরলস কাজ করে যাচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, এতিম শিশুদের শিক্ষা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন—এসবই সরকারের অন্যতম অগ্রাধিকার। উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি স্তরের ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যেই ধারাবাহিকভাবে কাজ চলছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন ও বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সুবিধাভোগী পরিবার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: ঢেউটিন, হুইলচেয়ার ও এইচবিবি সড়কের উদ্বোধন
জুলাই ৪, ২০২৬
































