বগুড়া ব্যুরো :
বগুড়া-৬ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শহর জামায়াতের সভাপতি অধ্যক্ষ আবিদুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সাধারণ জনগণের কাছে ভোট চাইতে হবে। তাহলে আমরা অবশ্যই একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রশিবির কে আরো বেশি করে কাজ করতে হবে। ছাত্রসমাজের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হতে হবে। কল্যাণ মূলক কাজের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্রসমাজের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। সকল প্রকার আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রশিবিরের আপসহীন সংগ্রাম অতীতের ন্যায় আগামীতেও জারি রাখতে হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইসলামী ছাত্রশিবির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন থেকে এক শোভাযাত্রা বের হয়ে জলেশ্বরীতলা হয়ে সাতমাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন, আকসুর সাবেক জিএস ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, জাকির হোসেন সেলিম, মাওলানা ড. হেদায়েতুল ইসলাম, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, শাহীন আলম, আসাদুলাহ আল গালিবসহ অন্যান্যরা।
বিশেষ অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন বলেন, শত জুলুম নির্যাতন হত্যা করে ছাত্রশিবিরের আদর্শকে স্তব্ধ করা যাবে না। তিনি শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ এবং ওসমান হাদীর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের হত্যার যথাযথ বিচার দাবি করেন।
আমন্ত্রণ/এজি
































