আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে নিজের কষ্টের কথা জানিয়ে আত্মহত্যা করেছেন বগুড়ার ধুনট উপজেলার এক তরুণ ব্যবসায়ী।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে ধুনট পৌর শহরের দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন রাসেল আহম্মেদ (২৫)। তিনি ধুনট শহরের স্কুল মার্কেটের একজন ব্যবসায়ী এবং পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের স্থায়ী বাসিন্দা।
জানা গেছে, রাসেল মালয়েশিয়া থেকে ফিরে পারিবারিক সমস্যায় চরম হতাশায় ভুগছিলেন। আত্মহত্যার দিন সকালেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বাড়ি ফেরেন এবং নিজের ফেসবুক পেজে সরাসরি লাইভে এসে প্রায় ৫৫ মিনিট ধরে কষ্টের কথা জানান। লাইভে তিনি পরিবারকে ‘মুক্তি দেওয়ার’ কথাও উল্লেখ করেন।
লাইভে থাকা অবস্থায় রাসেল পরপর দুটি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি দেখে আত্মীয়-স্বজনরা দ্রুত তার বাসায় গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে রাসেলের মৃত্যু হয়।
এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার এসআই ফিরোজ মিয়া। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাসেল আহম্মেদের এই মর্মান্তিক ঘটনার ভিডিও ইতোমধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমন্ত্রণ/এসিজি


































