আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার ধুনটে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করে ধুনট উপজেলা প্রশাসন।
এরপর ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, ধুনট থানা, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধুনট প্রেসক্লাব, সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক পৃথক ব্যানারে পুষ্পমাল্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
সকাল ৯টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুস মতিন। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, বিজয়ের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আমন্ত্রণ/এজি


































