বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে হাতবোমা ও পেট্রল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রয়ারি) সন্ধ্যায় এসময় যুবদল নেতা রনিকে বাড়িতে ঢুকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নাররিক ঐক্যের নেতাকর্মাকে দায়ী করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে অন্তত ৪/৫টি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা শিবগঞ্জ উপজেলার আমতলীতে তার বাড়ির সামনে নেমেই হাত বোমা, পেট্রল বোমা ও ককটেল বিস্ফোরণ করে। এসময় বিকট শব্দে বাড়ির লোকজনসহ আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে এদিকবেদিক ছুটতে থাকে।
আহত যুবদল নেতা রনি বলেন, যুবলীগের সাবেক নেতা বর্তমানে নাগরিক ঐক্যের নামধারী অমিত হাসান, বিদ্যুৎ, এনামুল হক সরকার, পিয়াল, সাগর ও খোকনের নেতৃত্বে ৮/১০ জন দুর্বৃত্ত বিস্ফোরণ ঘটিয়ে আমাকে হকিস্টিক দিয়ে মারতে থাকে। এসময় আমার মাথায় আঘাত করে। মাথার আঘাত ঠেকাতে গিয়ে আমার বাম হাত ভেঙে যায়।
স্থানীয়রা জানায়, হাতবোমা ও পেট্রোল বোমা বিস্ফোরণে বাড়িতে আগুন ধরেছে। এছাড়াও কয়েকটি অবিস্ফোরিত ককটেল দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করে।
এদিকে, যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় সোমবার রাতে মোকামতলা-জয়পুরহাট সড়কের আমতলীতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মী। এসময় নেতা-কর্মীদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
পরবর্তীতে শিবগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ঘটনাস্থলে এসে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে বিএনপি নেতা-কর্মীরা।
বোমা হামলার অভিযোগ অস্বীকার করে নাগরিক ঐক্যের বগুড়া জেলা সমন্বয়ক প্রভাষক সাইদুর রহমান সাগর বলেন, বিএনপি বোমা হামলার নাটক সাজিয়ে আমাদের নেতাকর্মীর ওপর দোষ চাপাচ্ছে। আহত শহীদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন হওয়ায়তাকে আমরা দিনভর শজিমেক হাসপাতালে ব্যস্ত ছিলাম। এসময় তারা নাটক সাজিয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নিয়ে নাগরিক ঐক্য নামধারী নেতাকর্মীরা এ হামলায় জড়িত। বিএনপির ঘাঁটি শিবগঞ্জ উপজেলায় কোনো আওয়ামী লীগের দোসরদের ঠাঁই হবে না।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, বোমা হামলা ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি


































