বগুড়া ব্যুরো:
বগুড়ার শেরপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ‘আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভা’ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে ৭৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। এতে পৌরসভার বহুমুখী উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেটে রাজস্ব আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে—নিজস্ব খাত, হাট-বাজার ইজারা ও সরকারি অনুদান থেকে ৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি থেকে ২ কোটি ২০ লাখ, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) থেকে ৫ কোটি ও ৩০ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ২ কোটি এবং কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রকল্প থেকে ৩ কোটি টাকা। এসব আয়ের বিপরীতে সমপরিমাণ ব্যয়ও বাজেটে নির্ধারণ করা হয়েছে।
বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ, সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
এসময় পৌর নাগরিকদের বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সবুজ চৌধুরী, সাংবাদিক আইয়ুব আলী, আব্দুল ওয়াদুদ, সাখাওয়াত হোসেন জুম্মা, বাধন কর্মকার কৃষ্ণ, রঞ্জন কুমার দে, জাহিদ হাসানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আশিক খান বলেন, “এই বাজেট শেরপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরের রূপরেখা। এর সফল বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন।”
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা
জুলাই ১৪, ২০২৫


































