মাসউদ রানা :
দিন শেষে সকলে আমরা ক্রেতা। সকলেই কোন না কোন ভাবে প্রতারিত হচ্ছি। ব্যবসায়ীদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা পাল্টাতে হবে। ক্রেতাদের নিরাপদ ও মানসম্পন্ন পণ্য এবং সেবা নিশ্চিত করতে হবে। আমাদের সকলের উদ্দেশ্য মানুষকে ভাল রাখা, দেশকে ভালো রাখা।যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারি।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অধিকতর প্রচার ও বাস্তবায়নে অনুষ্ঠিত সেমিনারে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম এসব কথা বলেন। দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
শুরুতে প্রজেক্টরের মাধ্যমে সেমিনারের প্রতিপাদ্য বিষয়ে উপস্থাপন করেন দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।
বুধবার (৫ জুন) সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলমের সঞ্চালনায় বিজ্ঞানভিত্তিক আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে সচেতনতামূলক আলোচনায় অংশ নেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মাসউদ রানা, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খালিকুজ্জামান বাবু, মো. মোকাররম হোসেন, শহর জামাতে ইসলামীর সহ-সম্পাদক সোহেল রানা, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. এহসানুল করিম, কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সুমন মিয়া ও সহ-সভাপতি মো. আঙ্গুর মিয়া প্রমুখ।এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ব্যবসায়ীদের চিন্তা-চেতনা পাল্টাতে হবে –দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম
জুন ৫, ২০২৫


































