আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারণী পর্যায়ে নারী ক্রিকেটারদের অংশগ্রহণের দাবি তুলেছেন জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ।
শনিবার (২৫ এপ্রিল) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা জানান, বিসিবির বোর্ডে যদি নারী ক্রিকেটারদের মধ্য থেকে কেউ পরিচালক হিসেবে আসেন, তবে তা মাঠের ক্রিকেটের উন্নয়ন ও নারীদের অধিকার আদায়ে বড় ভূমিকা রাখবে।
বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি বিসিবির অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনা করছে। আগামী জুনের মাঝামাঝি সময়ে বিসিবি নির্বাচন আয়োজনের তোড়জোড় চলছে। এই নির্বাচনের আগেই নারী ক্রিকেটারদের মধ্য থেকে পরিচালক নিয়োগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
নারী পরিচালকের প্রয়োজনীয়তা উল্লেখ করে রুমানা আহমেদ বলেন, ‘অনেকের মুখেই শুনছি যে পরিচালক পদে কোনো নারী ক্রিকেটারের আসা উচিত। আমাদের ভেতরেও এমন একটা চাওয়া আছে। কারণ নারী ক্রিকেটের খুঁটিনাটি সমস্যাগুলো কেবল একজন নারী ক্রিকেটারই ভালো বুঝতে পারবেন।’
বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ২৫ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ১২ জন ক্লাব ক্যাটাগরি থেকে, ১০ জন জেলা ও বিভাগীয় পর্যায় থেকে, ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এবং ১ জন সাবেক ক্রিকেটার ও অন্যান্য সংস্থার (ক্যাটাগরি-৩) কোটায় নির্বাচিত হন। তবে এই ২৫ জনের মধ্যে নারী ক্রিকেটারদের জন্য কোনো নির্দিষ্ট কোটা বা পদ নেই।
বর্তমান কাঠামোতে পরিবর্তন আনা কিছুটা জটিল উল্লেখ করে রুমানা বলেন, ‘ছেলেরা যেহেতু তাদের পক্ষ থেকে বোর্ডে আসার বা কাজ করার সুযোগ পাচ্ছেন, মেয়েদের ক্ষেত্রেও তেমনটা হওয়া উচিত। তবে বাংলাদেশে নিজেরা গিয়ে চেয়ে খুব একটা কাজ হয় না; বোর্ড থেকে যদি কোনো প্রস্তাব আসে তবে সেটি বেশি কার্যকর হয়।’


































