বগুড়া ব্যুরো :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।
মনোনয়ন ঘোষণার পরপরই তিনি নির্বাচনী মাঠে সরব হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে মাঠে থাকতে হবে। এ বিজয় শুধু প্রতীকের নয়, এ বিজয় জনগণের অধিকার পুনরুদ্ধারের বিজয়।”
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এবং এই আসনের মনোনয়নপ্রত্যাশী ফজলে রাব্বি তোহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দলীয় পরিবেশ ছিল উৎসবমুখর। আলোচনায় উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের করণীয়, এবং তৃণমূলের প্রত্যাশা।
মোশাররফ হোসেন বলেন, “বিএনপি একটি গণমানুষের দল। দুঃশাসন, অন্যায়, রাজনৈতিক দমন-পীড়ন থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটাধিকার রক্ষায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই হবে। তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান পরিষ্কার নির্দেশ দিয়েছেন—দলে কারো সঙ্গে কারো মতপার্থক্য থাকলেও এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। যে জমিনে বিভেদ থাকে, সেই জমিনে বিজয় জন্মায় না। তাই আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করবো, এক লক্ষ্যে—ধানের শীষকে জয়ী করা।”
ওই সময় ফজলে রাব্বি তোহা বলেন, “এই সরকার মানুষের কথা ভুলে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, ভোটাধিকার হরণ—জনগণ আজ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। আমরা নেতাকর্মীরা মাঠে নেমেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি এবং তাদের আস্থা ফিরে পেয়েছি। ধানের শীষ যার হাতে আমরা তার সাথেই কাজ করব। ধানের শীষের বিজয় হবেই হবে ইনশাল্লাহ।
সৌজন্য সাক্ষাৎ শেষে মোশাররফ হোসেন নন্দীগ্রাম ও ওমরপুর হাট-বাজার এলাকায় গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে সারা এলাকায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং ঐক্যবদ্ধ প্রচারণা বিজয়কে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।
আমন্ত্রণ/এসিজি
বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী দ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে এক হলেন বগুড়ার নন্দীগ্রাম
নভেম্বর ১৫, ২০২৫


































