আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
ফের আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানা‘ ‘বেফাঁস’ মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কঙ্গনা। তবে এবার কোনো মন্তব্যের জন্য নয়। সংশয় তৈরি হয়েছে তার সাংসদ পদ নিয়ে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে হিমাচল প্রদেশের মান্ডি থেকে জয়লাভ করে সংসদে পা রাখেন কঙ্গনা।এবার তার জয় নিয়েই হিমাচল প্রদেশের হাইকোর্টের নোটিশ। তবে কি সাংসদ পদ খোয়াতে চলেছেন বলি ‘কুইন’? জল্পনা শুরু হয়েছে।
কঙ্গনার নির্বাচন বাতিল করার আবেদন করেন কিন্নর জেলার এক বাসিন্দা। তিনিও মান্ডি আসন থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। অভিযোগ, তার মনোনয়নপত্র ভুলভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল। সে কারণেই তিনি কঙ্গনার নির্বাচন বাতিলের দাবি জানান। বিষয়টি নিয়ে নোটিশ জারি করে ২১ আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাবের নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল।
মান্ডি লোকসভা আসন থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে হারিয়ে জয়ী হন কঙ্গনা। মান্ডি লোকসভা আসনে ৭৪ হাজারের বেশি ভোটে জয়ী হন তিনি। তবে এই আসন থেকে লড়তে চেয়েছিলেন কিন্নরের বাসিন্দা লায়ক রাম নেগি। মান্ডির রিটার্নিং অফিসার ছিলেন সেখানকার জেলাশক। লায়ক রাম নেগির দাবি, জেলা শাসক ভুলভাবে তার মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেছিলেন। বন বিভাগের প্রাক্তন কর্মী লায়ক রাম নেগি। কর্মজীবনের মেয়াদ পূরণের আগেই অবসর নিয়ে তিনি ভোটে দাঁড়াতে চেয়েছিলেন।
লায়ক রাম নেগির দাবি, রিটার্নিং অফিসার তথা জেলা শাসকের কাছে মনোনয়নপত্রের সঙ্গে বন বিভাগের জারি করা একটি ‘নো ডিউ সার্টিফিকেট’-ও জমা দিয়েছিলেন। এরপর রিটার্নিং অফিসার তাকে বিদ্যুৎ, জল ও টেলিফোন বিভাগের ‘নো ডিউ সার্টিফিকেট’ জমা করতে বলেন। এর জন্য মাত্র এক দিন সময় দেওয়া হয়েছিল তাকে। তবে এক দিনের মধ্যেই সেগুলোও তিনি জোগাড় করে জমা দিয়েছিলেন।
লায়ক রাম নেগির অভিযোগ, তারপরেও রিটার্নিং অফিসার সেগুলো গ্রহণ করেননি, বরং বাতিল হয়ে যায় তার মনোনয়ন। হাইকোর্টে লায়ক রাম নেগির দাবি, তার মনোনয়নপত্র গ্রহণ করা হলে তিনি নির্বাচনে জয়লাভ করতে পারতেন। তার দাবি, কঙ্গনার নির্বাচন বাতিল করা হোক। এই মামলায় তিনি পার্টি করেছেন রিটার্নিং অফিসার তথা জেলা শাসককেও। স্বাভাবিকভাবেই এ ঘটনায় ফের অস্বস্তিতে পড়েছেন কঙ্গনা।
আমন্ত্রণ/এজি


































