শেরপুর (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৯৫ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারবোঝাই ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম। অভিযান পরিচালনায় সহায়তা করে শেরপুর থানা পুলিশের একটি টিম। পরে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়।
জানা গেছে, জব্দ হওয়া ট্রাকটির মালিক আমিনুর ইসলাম, যিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি গণমাধ্যমকে জানান, নওগাঁর সান্তাহার উপজেলার একটি ট্রান্সপোর্ট এজেন্সি তার ট্রাকটি লালমনিরহাটের উদ্দেশে সার পরিবহণের জন্য ভাড়া করে। তবে সারগুলোর কোনো বৈধ কাগজপত্র ট্রাকের চালকের কাছে দেওয়া হয়নি।
ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানায়, বগুড়ার চারমাথা এলাকায় কাগজপত্র সরবরাহ করা হবে। কিন্তু র্দীঘ সময় অপেক্ষার পরও কেউ তা দেয়নি।
এ বিষয়ে সন্দেহ হওয়ায় ট্রাকের মালিকের পরামর্শে চালক ট্রাকটি শেরপুরে নিয়ে আসেন এবং স্থানীয় লোকজনের সহায়তায় প্রশাসনকে খবর দেন। ট্রাকটি জব্দ করার সময় ট্রাকচালক ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, “স্থানীয় সূত্রে তথ্য পেয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সারগুলো বৈধ নাকি অবৈধ—তা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। কৃষি বিভাগ মনে করছে, সারগুলোর উৎস ও গন্তব্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
আমন্ত্রণ/এসিজি


































