বগুড়া ব্যুরো
বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত অ্যাডভোকেট শাহনেওয়াজকে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে আমরা বিএনপি পরিবার। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার শ্রীরামপুর পাড়ায় নিজ বাসভবনে তার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
অ্যাডভোকেট শাহনেওয়াজ দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার ওপেন হার্ট সার্জারি করা হয়। ব্যয়বহুল এই চিকিৎসার কারণে তিনি বেশকিছুদিন ধরে আর্থিক সংকটে পড়েছেন।
দলের একজন দুস্থ কর্মীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্বাবধানে সংগঠনটির প্রতিনিধি দল আর্থিক সহায়তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ এবং শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, শেরপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা হাসান মারুফ শিমুল।
এদিকে বুধবার (২৬ নভেম্বর) বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের হেলেঞ্চাপাড়ায় জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী জাকিরুল ইসলামের (২২) চলাচলের সুবিধার জন্য একটি হুইলচেয়ার পৌঁছে দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। দিনমজুর বাবার আর্থিক অনটনের কারণে এতদিন স্বাভাবিক চলাচলের কোনো ব্যবস্থা ছিল না জাকিরুলের।
স্থানীয় ও জাকিরুলের পরিবার সূত্রে জানা যায়, হেলেঞ্চাপাড়ার জিল্লুর রহমানের ছেলে জাকিরুল ইসলাম জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তার বাবা দিনমজুর হিসেবে কোনোমতে পরিবারের জীবিকা নির্বাহ করেন। চরম আর্থিক অসঙ্গতির কারণে পরিবারের পক্ষে জাকিরুলের চলাচলের জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানার পর সাংবাদিক কালাম আজাদ হুইল চেয়ারের ব্যবস্থা করেন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় হৃদরোগী শাহনেওয়াজকে আমরা বিএনপি পরিবারের সহায়তা
নভেম্বর ২৭, ২০২৫
































