বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুর উপজেলার দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা নিয়ে বুধবার সন্ধ্যা ৭টা পযন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে ময়নাতদন্ত শেষে মা ও সন্তানদের লাশ পৃথকস্থানে দাফন করা হয়েছে।
এ ঘটনায় খালিশাকান্দি মন্ডলপাড়া গ্রামে শোকের ছায়া বিরাজ করছে । শোকে পাথর হয়ে গেছে গৃহবধূ সাদিয়া মোস্তারিন এবং সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের পরিবারের সদস্যরা। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।
এই শোকাবহ পরিস্থিতির মধ্যেই লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে গৃহবধূ সাদিয়া মোস্তারিমের (২৮) লাশ তার বাবার বাড়ি ভান্ডার পাইকা উত্তরপাড়া গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। অপরদিকে রাত ১১টার দিকে চার বছরের মেয়ে সাহিফা ও ৮ মাস বয়সী ছেলে সাইদের জানাজা ও দাফন সম্পন্ন হয় তাদের দাদার বাড়ি এলাকা খালিশাকান্দি মন্ডলপাড়া গ্রামে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গৃহবধূ সাদিয়া ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। গৃহবধূর স্বামী শাহাদত হোসেন এখনও পুলিশ হেফাজতে রয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আলোচিত ঘটনার কারণ জানা যাবে।
এদিকে পুলিশ হেফাজতে থাকা সাদিয়ার স্বামী সেনা সদস্য শাহাদত হোসেন ও স্বজনদের দাবি সাদিয়া একজন বদমেজাজি নারী ছিলেন। সে সন্তানদের হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে নিজ শয়ন ঘর থেকে গৃহবধূ সাদিয়ার (২৮) গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত এবং তার দুই শিশু সন্তান সাহিফা ও সাইদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূ সাদিয়ার স্বজনদের (নাম প্রকাশে রাজি নয়) দাবি সাদিয়া ও তার দুই সন্তানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করলেই হত্যাকান্ডের রহস্য বেরিয়ে আসবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় আলোচিত মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, সেনাসদস্য পুলিশ হেফাজতে, মামলা হয়নি
নভেম্বর ২৭, ২০২৫
































