বগুড়া ব্যুরো :
বগুড়ায় সাবেক কাউন্সিলর ও বিএনপিনেতা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৪টায় শহরের নিশিন্দার এলাকায় নিজ বাড়িতে তার ওপর হামলা চালানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করেন। হামলার শিকার ব্যক্তি নিশিন্দারা এলাকার জয়নাল আবেদীনের ছেলে হারুনুর রশিদ সাজু (৫০)। তিনি বগুড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা। এ ঘটনায় আহত সাজুকে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন জানান, আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৪টায় নিজ বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও রড) দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সকাল ৫টা ১৫ মিনিটে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন। তিনি আরও জানান, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
আমন্ত্রণ/এসিজি


































