বগুড়া ব্যুরো :
বগুড়ায় দুই সাংবাদিককে মারধরের মামলায় নিষিদ্ধ ঘোষিত শহর ছাত্রলীগের সভাপতি আবির হাসান বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (৩ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবির শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সন্ধ্যা সোয়া ৭টায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৬ এপ্রিল বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় ফ্রেস জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম ও বগুড়া লাইভ-এর সাংবাদিক আসাফুদৌলা নিয়নকে মারধর করা হয়। এ ঘটনায় সদর ও শাজাহানপুর থানায় অস্ত্র আইনসহ দুটি মামলা দায়ের হয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবিরকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকে আবির পলাতক ছিলেন। শনিবার দুপুরে তাকে অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় সাংবাদিককে মারধরের মামলায় শহর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
মে ৩, ২০২৫
































