আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়ার বাসিন্দা লালমিয়া (৭০)। একসময় দিনমজুরের কাজ করতেন। যা আয় হতো তা দিয়েই স্ত্রী ও এক মেয়েকে নিয়ে দিন কেটে যেত। মেয়ের বিয়ে দিয়েছেন ২০ বছর হল। ছেলে সন্তান না থাকায় সংসারের ঘানী টানতে হয় তাকেই। বাড়িতে অসুস্থ স্ত্রী, দুজনের খাবার যোগাড় করতে হিমশিম খেতে হয় লালমিয়াকে।
একসময় টগবগে যুবক থাকতে কত বোঝা কাঁধে নিয়েছেন তার কোন হিসেব নেই। ধিরে ধিরে বয়সের ভারে শরীরের শক্তি কমতে থাকে। দিন মজুরের কাজ করতে শরির আর সায় দেয় না লালমিয়ার। কিন্তু জীবিকার তাগিদে কোন না কোন কাজ তো করতেই হবে তাকে। উপায়ন্তর না পেয়ে এক সময় কাঁধে করে আইসক্রিম মালাই বিক্রি শুরু করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে গ্রামে বাক্স বহন করে আইসক্রিম মালাই বিক্রি করতেন। সারাদিনে যা আয় হতো তা দিয়েই দুজনের সংসার চলতো কোন রকমে।
বয়স আরও বেড়ে গেছে। কাঁধে আইসক্রিমের বাক্স বহন করার শক্তিও হারিয়ে গেছে। বাধ্য হয়ে লোহার স্ট্যান্ড বানিয়ে ঝাল মুড়ির ব্যবসা শুরু করেন তিনি। কিছুদিন পর লোহার স্ট্যান্ডও বহন করতে পারেননা। নানাবিধ অসুস্থতায় পড়েন লালমিয়া।
অনাহারে অর্ধাহারে দিন কাটে তার। চক্ষু লজ্জায় কারও কাছে হাতও পাতেন না তিনি। বিষয়টি নজরে আসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীদের। সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা। তারা নিজেরা চাঁদা দিয়ে ও সামাজিক সংগঠন হাইয়্যা আলাল ফালাহ এর সহযোগিতায় একটি ঝালমুড়ির গাড়ি উপহার দেন লালমিয়াকে।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সমাজের দুস্থ অসহায় মানুষদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়। লালমিয়ার বিষয়টি আমাদের নজরে এলে আমরা নিজেরা চাঁদা দিয়ে তার জন্য কিছু করার চেষ্টা করেছি মাত্র।
ঝালমুড়ির দোকানসহ গাড়ি উপহার পেয়ে আবেগ আপ্লুত লালমিয়া বলেন, এই গাড়ি বানানোর সামর্থ্য আমার ছিল না। যারা এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাদের ভালো করুক।
মঙ্গলবার (৩০জুন) বিকেলে পৌর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় উপহারের ঝালমুড়ির গাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি এনামুল হক, ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক তারেক মাহমুদ, যুব নেতা রিয়াজুল ইলাম, আ. খালেক সহ অনেকে।
আমন্ত্রণ/এজি
উপহারের ঝালমুড়ির গাড়ি বদলে দেবে লালমিয়ার জীবন
জুলাই ১, ২০২৬
































