বগুড়া ব্যুরো:
বগুড়াও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। অনেকেই ঘর থেকে ছুটে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী থাকলেও মানুষের ভয়ের মাত্রা ছিল তীব্র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী।
এদিকে, রাজধানীর বংশালে ভূমিকম্পে নিহতদের একজন বগুড়ার রাফিউল ইসলাম (২০)। তিনি গোহাইল রোডের সূত্রাপুর এলাকার ওসমান গনির ছেলে।
ভূমিকম্পের প্রভাবে বগুড়ায় সামান্য ক্ষতির তথ্য মিলেছে। কাহালু উপজেলার মুরইল এলাকায় সুনীল সরকারের বাড়ির লোহার গেইট ভেঙে পড়ে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভূমিকম্পের সময় সাধারণ মানুষের আতঙ্ক ছিল স্পষ্ট।
শহরের চেলোপাড়ার এলাকার শিক্ষক গৌরব চন্দ্র দাস বলেন, হঠাৎ দেখি বিছানা নড়ছে। কিছুই বুঝতে পারছিলাম না, তীব্রতা বুঝে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়।
মালতিনগরের এলাকার গৃহিণী রাইমা আকতার বলেন, গ্যাস বন্ধ করেই নিচে নেমে যাই, বাচ্চারা খুব ভয় পেয়েছে, অনেকেই রাস্তায় দাঁড়িয়ে ছিল।
শহরের ফুলবাড়ি এলাকার মেসে থাকা কলেজছাত্রী মুনিরা মুনি বলেন, মনে হচ্ছিল বাড়িটা হেলে পড়বে, কয়েক সেকেন্ড হলেও মনে হয়েছে অনেক সময়।
বগুড়া ফায়ার সার্ভিস জানিয়েছে, বড় ধরনের কোনো ক্ষতির খবর তাদের কাছে নেই।
আমন্ত্রণ/এসিজি


































