বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি :
বগুড়ার গাবতলীতে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণি তক্ষক পাচারের উদ্দেশে বাড়ীতে রাখার অভিযোগে লেবু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তার হেফাজত থেকে একটি তক্ষক উদ্ধার করে গাবতলী মডেল থানা পুলিশ। আটক লেবু মিয়া গাবতলী উপজেলা সদরের পূর্বপাড়ার বাসিন্দা।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১৮ ফেব্রæয়ারি) রাত ৮টার দিকে পুলিশ জানতে পারে পাচারের উদ্দেশে লেবু মিয়া তার বাড়িতে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণি তক্ষক রেখেছে। এই সংবাদ পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় একটি কাঠের তৈরি খাঁচার মধ্যে রাখা তক্ষকটি জব্দ এবং লেবু মিয়াকে আটক করা হয়। পরে বন বিভাগের কর্মকর্তাদের জানানো হলে তারা থানায় গিয়ে উদ্ধার করা প্রাণিটি বিপন্ন প্রজাতির বন্যপ্রাণি তক্ষক বলে নিশ্চিত করেন।
ওই ঘটনায় আটক লেবু মিয়ার বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। পরে আদালতের অনুমতি নিয়ে তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
বগুড়ায় বিপন্ন প্রজাতির বন্যপ্রাণি তক্ষক উদ্ধার, আটক ১
ফেব্রুয়ারি ২১, ২০২৪
































