বগুড়া ব্যুরো :
বগুড়ায় ফেরি করে কাপড় বিক্রেতাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ ঝুলন্ত অজ্ঞাত ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের আনুমানিক ৫৫ বছর। ধারণা করা হচ্ছে হত্যার পর জঙ্গলে একটি গাছে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক।
স্থানীয়রা জানান, মহাস্থান মাদ্রাসার উত্তর পশ্চিম পাশে জঙ্গলে একটি গাছের সঙ্গে একজন অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। আশেপাশের লোকজন মরদেহ দেখলেও কেউ নাম পরিচয় বলতে পারছেন না। তবে অনেকেই জানিয়েছেন অজ্ঞাত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মহাস্থান এলাকায় ফেরী করে কাপড় বিক্রি করতেন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় কাপড় বিক্রেতাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা
সেপ্টেম্বর ২৫, ২০২৪
































