রীতা রানী কানু :
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় আজগর আলী (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আজগর আলী, ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মৃত এফার আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে। এ ঘটনায় থানা পুলিশ পিকআপসহ চালক জয়পুরহাট সদরের হিমশি এলাকার মৃত ইমান উদ্দিন মন্ডলের ছেলে মামুনুর রশীদ ভোলাকে (২৮) আটক করেছে।
থানা পুলিশ সূত্রে এবং প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময় আজগর আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের সড়কের পার্শ্বে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী পিকআপটি (রাজ-মেট্রো-ড-১১-০০৯৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পার্শ্বে ছিটকে পড়েন। এ সময় তাকে মুমূর্মু অবস্থায় প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। এ সময় পুলিশ পিকআপটি জব্দসহ চালককে আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ীতে পিক আপের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
এপ্রিল ১০, ২০২৪


































