আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় শাকিল হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আশিক আহমেদ (২২) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া সেতু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন ও আহত আশিক আহমেদ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুনশিমুলবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ধুনট থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন শাকিল ও আশিক। পথে মাঠপাড়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয় এবং আশিক আহমেদ গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত আশিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় এর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কে নজরদারি বাড়ানো এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
আমন্ত্রণ/এজি
ধুনটে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
জুন ৩, ২০২৬
































