গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলার সাথে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলার কামারদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হেপী বেগম, সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, কামাদহ ইউনিয়নের যেকোন স্থান থেকে গোবিন্দগঞ্জ শহরে যেতে সময় লাগে ৫ মিনিট থেকে ১০ মিনিট। আর মহিমাগঞ্জ যেতে সময় লাগবে কমপক্ষে ৪০ থেকে ৪৫ মিটিন পর্যন্ত। তাই কামরদহ ইউনিয়ন পরিষদকে গোবিন্দগঞ্জ উপজেলার সাথে রাখার দাবি জানান।
মনববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ঢাকা- রংপুর মহাসড়ক অবরোধ করে। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ফাঁসিতলায় পৌঁছে এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
আমন্ত্রণ/এজি


































