দৈনিক আমন্ত্রণ, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে টানা অনাবৃষ্টি আর তীব্র গরম থেকে মুক্তির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য হাত উল্টো করে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের আগে থেকে নামাজের মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় মুসল্লিরা। নামাজ শেষে সকলেই মহান আল্লাহর দরবারে মাফ চেয়ে এবং তীব্র গরম থেকে মুক্তিসহ বৃষ্টি চেয়ে কান্না করেন। নামাজে কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান, ঈদগাহ কমিটির সভাপতিসহ স্থানীয় মুসুল্লিরা অংশ নেন। ইমামতি করেন মুফতি মাওলানা মো. আইয়ুব বিন কাসেম।


































