দৈনিক আমন্ত্রণ, বান্দরবান প্রতিবেদক :
বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য সন্দেহে গ্রেপ্তার ছয়জনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এএসএম এমরান এ আদেশ দেন। আসামিরা হলেন- থানচির গাড়িচালক কফিল উদ্দিন সাগর, ভানলাল বয় বম, রুমার লাল রৌবত বম, মিথু সেল বম, লাল রুয়াত লিয়ান বম ও বান্দরবান সদর উপজেলার লাল লম থার বম। আসামিদের মধ্যে কফিল উদ্দিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের জেনারেল রেকর্ডস অফিস (জিআরও) বিশ্বজিৎ সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রুমা ও থানচির দুইটি মামলায় ছয়জনকে দুই দিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশে দেন।
গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে কেএনএফ সদস্যদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। যৌথ অভিযানে এ পর্যন্ত ১৮ নারীসহ ৭৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৯ জনকে দুই দিনের রিমান্ড নেওয়া হয়েছে। আর তিন নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
দুই দিনের রিমান্ড শেষে কুকি-চিনের ৬ সদস্য কারাগারে
এপ্রিল ২৪, ২০২৪


































