আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
হামের সংক্রমণ মোকাবিলায় বগুড়ার ধুনট উপজেলায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মোকছেদা খাতুন, আনোয়ারুল হক, মাকছুদা পারভীন মীম, সাখাওয়াত হোসেন, হুমায়ন কবির, এসএম নাঈম, মেহেদী হাসান, অসীম কুমার সাহা, নাজমুল হোসেন, সাব্বির আহমেদ, আবু কালাম, সাদিয়া ইসলাম ও মীর্জা শরিফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্য মতে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এ টিকা প্রদান করা হবে।
এই ক্যাম্পেইনের আওতায় মোট ৩৯ হাজার ৯০ জন শিশুকে টিকাদানের আওতায় আনা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এ টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে হামের টিকা না দেওয়ার নির্দেশনাও রয়েছে।
আমন্ত্রণ/এজি


































