আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় মুক্তিপণের ৭ হাজার টাকা দিয়ে একঘন্টা পর অপহৃত কলেজছাত্র স্বাধীন সরকারকে (১৯) আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে শরিফ উদ্দিন (২০) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। শরিফ উদ্দিন উপজেলার ছোট চাপড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়কাটিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে চিকাশি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ছাত্র স্বাধীন সরকার সোমবার দুপুরে বাড়ি থেকে বগুড়ার উদ্যেশে রওনা হন। পথিমধ্যে দুপুর ২টায় উপজেলার চিকাশি-সোনাহাটা সড়কের বড়চাপড়া কদমতলা এলাকায় পৌছে। এসময় শরিফ ও তার লোকজন স্বাধীনকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে সোনাহাটা বাজার এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে অপহরণকারীরা সোনাহাটা গাক অফিসের চতুর্থ তলার একটি কক্ষে স্বাধীনকে আটক রেখে মুক্তিপণের টাকার জন্য মারপিট করে।
এসময় অপহরণকারীরা স্বাধীনের বাবার মোবাইল ফোনে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ১৪হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তখন স্বাধীনের বাবা বিকাশ একাউন্টের মাধ্যমে অপহরণকারীদের ৭ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি থানায় অবগত করেন। সংবাদ পেয়ে বিকেল ৩টায় পুলিশ ঘটনাস্থল থেকে স্বাধীনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এছাড়া ওই সময় ঘটনাস্থল থেকে শরিফকে গ্রেপ্তার করে। এ ঘটনায় স্বাধীনের বাবা মিজানুর রহমান বাদি সোমবার রাতে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় শরিফ সহ ৭জনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মঙ্গলবার দুপুরের পর শরিফকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে মুক্তিপন দিয়ে অপহরণ করা কলেজছাত্রকে উদ্ধার, গ্রেপ্তার ১
জানুয়ারি ৮, ২০২৫


































