বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় ২টি ইনডোর স্টেডিয়াম নির্মিত হতে যাচ্ছে। বগুড়া জেলা পরিষদের অর্থায়নে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় দুটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এজন্য এই প্রকল্পে চলতি ২০২৫-২৬ অর্থ বছরের এডিপির বিশেষ বরাদ্দ থেকে মোট ১২ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে প্রকল্প দুটির ড্রইং ও ডিজাইন প্রণয়নেরও প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য বগুড়া জেলা পরিষদের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৫ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সরকারি আদেশে বলা হয়েছে, শিবগঞ্জ ও মোকামতলা ইনডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের জন্য নির্ধারিত কমিটির যাচাইকৃত প্রাক্কলনের ভিত্তিতে প্রশাসনিক অনুমোদন দেওয়া ও প্রকল্প দুটির জন্য বিশেষ বরাদ্দ হিসেবে মোট ১২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদের অনুকূলে এডিপি বিশেষ বরাদ্দ অর্থ ব্যবহারের নির্দেশিকা-২০২২ এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান অনুসরণ করে প্রকল্প বাস্তবায়ন, ড্রইং-ডিজাইন যাচাইসহ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, দুটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের জন্য এখনও জায়গা চূড়ান্ত করা হয়নি। তবে সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করা হয়েছে এবং শিগগিরই স্থান নির্ধারণের তথ্য পাঠানো হবে।
আমন্ত্রণ/এজি
শিবগঞ্জ ও মোকামতলায় স্টেডিয়াম নির্মাণে ১২ কোটি টাকা বরাদ্দ
জুলাই ১৯, ২০২৬
































