বগুড়া ব্যুরো :
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী বলেছেন, বিগত ১৭ বছর তৎকালীন ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। মাদরাসা শিক্ষা ছিল তাদের আমলে অবহেলিত। সেই সঙ্গে মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন । বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে।
তিনি বলেন, উত্তরাঞ্চলের জন্য বগুড়ায় একটি আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড দরকার। যদি আলাদা বোর্ড নাও হয় তবুও যেন বগুড়ায় একটি কেন্দ্র স্থাপন করা হয়। কারণ সারা দেশের মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকায় মাদরাসা বোর্ডে গিয়ে নানাভাবে হয়রানি অপমানের শিকার হন।
রোববার (১৯ জুলাই) বিকেলে বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআরবি) কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র আয়োজিত বগুড়ার ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যদের অংশ গ্রহণে অনুষ্ঠিত মাদরাসায় উচ্চ শিক্ষা : সম্ভাবনা ও চ্যালেন্জ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল কেন্দ্রের ডিন প্রফেসর ড. ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইআরবি ভিসি প্রফেসর ড. মোহাম্মাদ আবু জাফর খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন ইআরবি মাদরাসা পরিদর্শক প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী, বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। মূল প্রবন্ধ পাঠ করেন ইআরবি ট্রেজারার ও সাবেক অতিরিক্ত সচিব শাহীনুল ইসলাম । এ ছাড়া বক্তব্য দেন অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।
আমন্ত্রণ/এজি
উত্তরাঞ্চলের বগুড়ায় আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড দরকার -ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়
জুলাই ১৯, ২০২৬































