বগুড়া ব্যুরো:
এখন টেলিভিশনের সিইও চাকুরিচ্যুত ও গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) উদ্যোগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে বগুড়ার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ঐতিহাসিক সাতমাথায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহŸায়ক ওয়াসিকুর রহমান বেচান।
এখন টেলিভিশনের সিইও তুষার আব্দুল্লাহ এবং বগুড়া প্রতিনিধি মাজেদ রহমান সরকারবিরোধী অপতৎপরতার লিপ্ত থাকার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহŸায়ক আবুল কালাম আজাদ ও রাহাত রিটু, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল ও প্রতীক ওমর, সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় এখন টেলিভিশন সরকারের নির্লজ্জ দালালি করেছে। গণঅভ্যুত্থানের মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখন টেলিভিশনের চরিত্রের আমূল পরির্বতন ঘটেনি। বিশেষ করে আওয়ামী লীগের চিহ্নিত দালাল সিইও তুষার আব্দুল্লাহর ইন্ধনে এখন টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাজেদ রহমান স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতিসহ বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রে লিপ্ত। বিষয়টি তুষার আব্দুল্লাহকে অবগত করা হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বরং বগুড়ায় এসে সাংবাদিক নেতৃবৃন্দ এবং সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছেন। একাধিক মামলার আসামী হয়েও তুষার আব্দুল্লাহর মত শেখ হাসিনার পরীক্ষিত দালাল কিভাবে বগুড়ায় এসে সরকারবিরোধী ষড়যন্ত্র করছেন সেটা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। মানববন্ধন থেকে। সেই সঙ্গে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এখন টেলিভিশনের সিইও তুষার আব্দুল্লাহ এবং বগুড়া প্রতিনিধি মাজেদ রহমানকে চাকুরি থেকে বহিস্কার করে গ্রেফতারের দাবি জানান সাংবাদিক নেতারা।
আমন্ত্রণ/এসিজি


































