আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও অপহরণের চেষ্টার প্রতিবাদ করায় বখাটের হামলায় মা ও ছেলে আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চিকাশি ইউনিয়নের ছোনপচা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ছোনপচা গ্রামের ঠান্ডু সরকারের স্ত্রী শিল্পী খাতুন (৩৫) এবং তার ছেলে সাকিবুল সরকার (১৫)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের এবাদুল ইসলামের ১১ বছর বয়সী মেয়ে জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। শনিবার দুপুর ১টার দিকে সে পাশের ছোনপচা গ্রামে তার ফুফার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে ঠান্ডু সরকারের বাড়ির পাশের রাস্তায় পৌঁছালে একই গ্রামের জাহিদুল ইসলাম তার পথরোধ করে কুপ্রস্তাব দেয় এবং উত্যক্ত করতে থাকে।
এ সময় ছাত্রীটি নিজেকে রক্ষা করতে দৌড়ে ঠান্ডু সরকারের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু অভিযুক্ত জাহিদুল ইসলাম সেখানেও ঢুকে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় গৃহবধূ শিল্পী খাতুন ও তার ছেলে সাকিবুল সরকার বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মা ও ছেলে আহত হন।তবে আহত অবস্থাতেও তারা সাহসিকতার সঙ্গে ছাত্রীটিকে রক্ষা করে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা এবাদুল ইসলাম এবং আহত শিল্পী খাতুনের স্বামী ঠান্ডু সরকার বাদী হয়ে ধুনট থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জাহিদুল ইসলাম ও তার ছোট ভাই জিহাদ ইসলামকে আসামি করা হয়েছে।
অভিযুক্ত জাহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একজন উপ-পরিদর্শক (এসআই)-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদে বখাটের হামলা: মা ও ছেলে আহত, অপহরণ চেষ্টা ব্যর্থ
মার্চ ২৯, ২০২৬


































