গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, “ঐক্যতেই শক্তি। একটি লাঠি সবাই ভেঙে ফেলতে পারে, কিন্তু দশটি লাঠি একসঙ্গে বাঁধা থাকলে তা ভাঙা কঠিন। ঠিক তেমনি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আমাদের দুর্বল করতে পারবে না।”
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুঁচদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ডা. জাহিদ হোসেন বলেন, শুধু মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে কাজ করলে হবে না। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে যেতে হবে। বিশেষ করে যেসব মা-বোন এখনো দলের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের আস্থা অর্জন করতে হবে। মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলা, আচরণ ও ব্যবহারের মাধ্যমে তাদের মন জয় করতে পারলে জনগণও পাশে থাকবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে পড়লে জনগণের কাছে আস্থা ও গ্রহণযোগ্যতা কমে যাবে। তাই নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের বিপদের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও প্রয়োজনের সময়ে পাশে থাকবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আদিবাসী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান কিংবা সাঁওতাল—পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই মানুষ। সবার রক্তের রং একই। তাই সমাজে কোনs ধরনের ভেদাভেদ, হিংসা বা বিদ্বেষ থাকা উচিত নয়।
তিনি বলেন, “আমরা কেন অন্যের জায়গা দখল করব কিংবা একে অপরের প্রতি হিংসা পোষণ করব? সবাইকে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।”
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই -ডা. জাহিদ হোসেন
সেপ্টেম্বর ১৯, ২০২৬
































