বগুড়া ব্যুরো :
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ১৯ সেপ্টেম্বরে দ্বিতীয় দফার লংমার্চ সফল করতে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জোটটি। শহরতলীর মাটিডালিতে পথসভার মঞ্চ তৈরির কাজ চলছে পুরোদমে। চারিদিকে চলছে মাইকিং। নেতৃবৃন্দ আশা করছেন বগুড়ার পথসভায় স্মরণকালের সবচেয়ে বেশি লোকসমাগম ঘটবে। ৯ দফা দাবিতে বিরোধী দলের ডাকা লংমার্চের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে শনিবার (১৯ সেপ্টেম্বর)। ঢাকা থেকে সড়ক পথে লংমার্চের বহর বগুড়ার ওপর দিয়ে রংপুরে গিয়ে জনসভার মাধ্যমে শেষ হবে। পথিমধ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল এবং বগুড়ার মাটিডালি বিমান মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। বগুড়ার পথসভায় স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশে পরিণত করতে বিরামহীনভাবে কাজ করছেন জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১ দলের নেতাকর্মিরা।
লংমার্চের পক্ষে জনমত সৃষ্টির জন্য লিফলেট বিতরণ, সভা-সমাবেশ আয়োজনের পাশাপাশি দফায় দফায় ১১ দলের নেতৃবৃন্দ প্রস্তুতি সভা করেছেন।
জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল লংমার্চের প্রস্তুতি সম্পর্কে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লংমার্চের গাড়ির বহরকে বগুড়ার প্রবেশমুখ চান্দাইকোনায় স্বাগত জানানো হবে। পথিমধ্যে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ লংমার্চকে বরণ করবে। এরপর বিকেল ৩টায় মাটিডালি বিমান মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। পথসভায় অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি লোকসমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে গণভোটের রায়কে অস্বীকার করার মাধ্যমে জনগণের কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে বগুড়ার মানুষ অনেক স্বপ্ন নিয়ে বিএনপিকে ভোট দিলেও তারা এখন হতাশ। প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটালেও বাস্তবে বগুড়ার মানুষ এখনো দৃশ্যমান উন্নয়ন দেখতে পায়নি। সেই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস সংকট এবং সার বিতরণে অনিয়মের কারণে সাধারণ মানুষ সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠছে। এজন্য তারা বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে স্বাদরে গ্রহণ করেছে।
বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আসম আব্দুল মালেক বলেন, বিকেল ৩টায় লংমার্চ বগুড়া মহানগরের মাটিডালি বিমানমোড়ে এসে পৌছাবে। সেখানে সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ এর আমীর মাওলানা মামুনুল হক ও এলডিপি সভাপতি সাবেক মন্ত্রী ড. কর্ণেল (অবঃ) অলি আহমেদ বীরবিক্রম।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতেই এ লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। জনগণের ন্যায্য দাবি আদায়ে লংমার্চে বগুড়ার সর্বস্তরের নেতাকর্মীদের স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহণ করবে।
আমন্ত্রণ/এজি
শনিবার বগুড়ায় আসছে লংমার্চ বরণ করতে ব্যাপক প্রস্তুতি ১১ দলীয় ঐক্যের স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ ঘটাতে চায়
সেপ্টেম্বর ১৮, ২০২৬






























