আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আনোয়ার হোসেন পেনু মল্লিক (৫২)। তিনি উপজেলার দেউড়িয়া গ্রামের জেল হোসেনের ছেলে এবং গোপালনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় গোপালনগর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় একটি মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার পর গত ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করে ধুনট থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আনোয়ার হোসেন পেনু মল্লিককে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এজি


































