আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ছাগলের খাবারের জন্য কাঠাল গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে আলতাব আলী (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আলতাব আলী ধুনট উপজেলার মরিচতলা গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিলচতল গ্রামের মৃত সামচুল হকের ছেলে আলতাব আলী দফায় দফায় যমুনা নদীর ভাঙনে সবকিছু হারিয়ে মরিচতলা গ্রামে নতুন করে বসতি গড়ে তোলেন। কৃষিকাজের পাশাপাশি তিনি বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতেন।
অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় কাঠাল গাছে উঠে ছাগলের খাবারের জন্য পাতা সংগ্রহ করছিলেন আলতাব আলী। এ সময় অসাবধানতাবশত গাছের ডাল ভেঙে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে কাঠাল গাছ থেকে পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
সেপ্টেম্বর ১৯, ২০২৫


































