আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
নাগোয়া এশিয়ান গেমসের ক্রিকেটে যেন প্রতিপক্ষের চেয়ে বৃষ্টিই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোনো কোনো দল মাঠে না নেমেই পরের রাউন্ডে জায়গা করে নিচ্ছে। এবার সেই সুবিধা পেল বাংলাদেশও। টস হওয়ার আগেই লিটন দাসের নেতৃত্বাধীন দল নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট।
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আগের দিন মাঠে নামতে পারেনি পাকিস্তান ও ভারত। প্রথমে হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর একই কারণে ভারত ও আফগানিস্তানের মধ্যকার কোয়ার্টার ফাইনালও মাঠে গড়ায়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। সেই নিয়মেই পাকিস্তান ও ভারত শেষ চারে উঠে যায়।
আজ নেপাল ও শ্রীলংকার মধ্যকার কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। ফলে র্যাংকিংয়ে এগিয়ে থাকা শ্রীলংকাকে সেমিফাইনালের জন্য নির্বাচিত করা হয়েছে।
একই নিয়মে বাংলাদেশের ভাগ্যও খুলে যায়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। বৃষ্টির কারণে ম্যাচটি আয়োজন করা সম্ভব না হওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে মাঠে না নেমেই সেমিফাইনাল নিশ্চিত করেছে লিটন দাসের দল।
গত কয়েক দিন ধরে এশিয়ান গেমসের আয়োজক শহর নাগোয়া ও আইচি প্রদেশে টানা ভারি বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে সেমিফাইনাল থেকে অন্তত ম্যাচের ফল র্যাংকিংয়ের ওপর নির্ভর না করে মাঠের পারফরম্যান্সেই নির্ধারিত হবে—এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।
টসের আগেই সেমিফাইনালে বাংলাদেশ
সেপ্টেম্বর ৩০, ২০২৬






























