মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখনই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। শিক্ষকরা জাতির মেরুদন্ড, জাতি গঠনে শিক্ষকদের বিকল্প নেই, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি শিক্ষকদের সকল সুযোগ সুবিধার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে, শিক্ষকের দাবি গুলো বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন।
তিনি আরও বলেন, বিনামূল্যে বই প্রদান, বিনা বেতনে পাঠদান ও শিক্ষকদের শতভাগ বেতন বাস্তবায়নে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের সুযোগ সুবিধাগুলো বাস্তবায়ন করে ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়ন হলে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। এদেশের সাড়ে ১৭ কোটি মানুষের উন্নত জীবন যাপনে বিশ্বের উন্নয়ন ধারাবাহিকতায় যুগ-উপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হবে। দেশের মানুষ সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।দেশের জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে বিএনপি সব সময় কাজ করেছেন, আগামীতে দেশ গঠনই জনগণের রায় নিয়ে বিএনপি অসমাপ্ত কাজ গুলো করবেন।
ডা. জাহিদ বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে, সরকার জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন।ষড়যন্ত্রকারীরা এই নির্বাচনকে নস্যাৎ করতে নানামুখী পূর্বাকাণ্ড চালাচ্ছেন। কিন্তু দেশের মানুষ একটি নির্বাচিত সরকারের শাসন ব্যবস্থা বাস্তবায়ন চায়।জনগণের রায় অবশ্যই সরকারকে মেনে নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন দিতে হবে। এর কোন বিকল্প অবস্থান এদেশের জনগণ কখনোই মেনে নেবে না।ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করতে প্রত্যেক নাগরিককে সজাগ থাকার আহবান জানান তিনি।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে শিক্ষক- কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত সম্মেলনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মনজুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান আলোচক জোটের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, বিশেষ আলোচক শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় মহাসচিব মো. জাকির হোসেন, বিশেষ অতিথি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মো. আজিজুল হক রাজা প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় ও জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ ছাড়াও দিনাজপুর জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, দিনাজপুরের ১৩টি উপজেলার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দেশের মানুষ একটি নির্বাচিত সরকারের শাসন ব্যবস্থা বাস্তবায়ন চায় -বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ
সেপ্টেম্বর ১৯, ২০২৫






























