আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, দল-মত নির্বিশেষে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সকল সেক্টরে ব্যাপক সংস্কার আনা হবে। ইনশাআল্লাহ, জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে, তবে ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি বলেন, খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে।নিয়মিত খেলাধুলার চর্চা কিশোর-কিশোরীদের মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। তাই ছোটবেলা থেকেই শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। দেশে খেলাধুলার মাঠের ভয়াবহ সংকট রয়েছে। আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে মাঠ অপরিহার্য। অথচ আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছরে খোলা মাঠ দখল করে স্থাপনা নির্মাণ করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় বগুড়ার ধুনট উপজেলার বড়বিলা মাঠে গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুর কাইয়ুম টগর। সার্বিক সহযোগিতায় ছিলেন যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল ও স্বেচ্ছাসেবকদল নেতা আলফিজুর রহমান স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, এ্যাড. রেজানুর রহমান ঠান্ডু, মোখফিজুর রহমান বাচ্চু, বেলাল হোসেন বাবু, জাহাঙ্গীর আলম, আব্দুল হান্নান, বুলবুল আহম্মেদ, আলেক উদ্দিন, যুবদল নেতা আবু মুছা, মনিবুর রহমান, খাইরুজ্জামান বিপ্লব, আপেল, স্বেচ্ছাসেবকদল নেতা মাহবুব-উল-হক রনজু, শান্ত, সাহেব আলী, ইউসুফ আলী, ছাত্রদল নেতা আলম হাসান, রবিউল ইসলাম রতন ও মিলন মিয়া প্রমুখ।
ফাইনাল খেলায় ছোটদিয়ার টাইগার ক্লাব ২–০ গোলে পরানপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আমন্ত্রণ/এসিজি
জনগণ নির্বাচিত করলে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে — জিএম সিরাজ
অক্টোবর ২৪, ২০২৫


































