বগুড়া ব্যুরো :
বগুড়ার নন্দীগ্রামে পল্লীতে কালীমন্দিরে ‘ভাঙচুর’ করে দান বাক্সের টাকা ও পূজার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের একটি মূর্তি নিয়ে পাশের ডোবার মধ্যে ফেলে রাখা হয়। পরে মন্দিরের পুরোহিত সেটি উদ্ধার করেন।
উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল আটটার মধ্যে কোনো এক সময় কে বা কারা এ ঘটনা ঘটায়।
মন্দিরের পুরোহিত খগেন্দ্রনাথ প্রামাণিক বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার পূজা-অর্চনা শেষে তিনি মন্দির থেকে বাড়িতে চলে যান। এরপর শুক্রবার সকালে মন্দিরে এসে তিনি দেখতে পান, দান বাক্সটি ভাঙা। মন্দিরের ভেতরের বিভিন্ন জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় একটি মূর্তি মন্দিরে পাওয়া যাচ্ছিল না বলেও জানান তিনি।
তিনি আরও জানান, পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরের পাশে একটি ডোবা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশের ধানখেতে ‘সন্ন্যাসী ঠাকুর’ নামের মূর্তিটি পড়ে থাকতে দেখা যায়।
মন্দির থেকে কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী এবং দান বাক্সের টাকা চুরি হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, মন্দিরে চুরি ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় গ্রামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল থানায় এসে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় কালীমন্দিরের দানবাক্স ভেঙে টাকা লুট, পূজার সামগ্রী চুরি প্রতিমা মিলল ডোবায়–রাস্তার পাশে
সেপ্টেম্বর ২৫, ২০২৬






























